অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ | ৩১শে ভাদ্র ১৪৩৩


মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ২০ হাজার টাকায়


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৪১

মনপুরা প্রতিনিধি : ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বিশালাকৃতির পাঙাশ মাছ। পরে মাছটি  খোলা নিলামের মাধ্যমে ২০ হাজার  টাকায় বিক্রি করা হয়।

​ মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে আরিফ মাঝি। এ সময় তার জালে বিশালাকৃতির এই পাঙাশটি ধরা পড়ে। পরে  দুপুরে মাছটি মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাটে মমিন তালুকদারের আড়তে নিয়ে আসা হলে স্থানীয় উৎসুক জনতা একনজর দেখতে ভিড় জমান। পরে প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে নিলামে মোট ২০ হাজার  টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার।
জেলে আরিফ মাঝি বলেন, চলতি মৌসুমে নদীতে মাছের দেখা কম মিলছিল। সকালে জাল গুটিয়ে তোলার সময় বিশাল এই পাঙাশটি দেখতে পাই। ঘাটে আনার পর বেশ ভালো দামেই মাছটি বিক্রি করতে পেরেছি।

মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার জানান, বড় সাইজের নদীর পাঙাশের প্রচুর চাহিদা রয়েছে। অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে মাছটি রাজধানী ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে।

​এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, "বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের সংকট থাকলেও মাঝে মধ্যেই জেলের জালে এমন বড় আকারের পাঙাশ ও কোরাল ধরা পড়ছে, যা জেলেদের জন্য স্বস্তিদায়ক। নদী রক্ষা ও অভয়াশ্রম সঠিকভাবে বজায় রাখা গেলে সামনে ইলিশসহ অন্যান্য প্রজাতির বড় মাছ আরও বেশি ধরা পড়বে।