অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮

remove_red_eye

৬

২৪ ঘন্টার মধ্যে মাত্র ১ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে ব্যবসায়ী ও গ্রাহকরা
 
 
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা। এই সময় তিন শতাধিকের ওপরে ব্যবসায়ীরা অংশগ্রহন করে।
বৃহস্পতিবার বেলা ১২টায় ডাকাবাংলো মোড় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা উপজেলা ওজোপাডিকো কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালিত হয়।
পরে ব্যবসায়ীরা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের নানা সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দিনে-রাতে ৮ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও তারা মাত্র ১ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। এতে করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবী করেন ব্যবসায়ীরা। অন্যথায় বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবি জানান তাঁরা।
জানা যায়, মনপুরায় পাওয়ার হাউজের জেনারেটের মাধ্যমে ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। কিন্তু গত কয়েকমাস ধরে মেশিন নষ্টের অজুহাতে ব্যবসায়ী ও গ্রাহকদের ২৪ ঘন্টার মধ্যে ১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ব্যবসায়ীরা। এর আগে এই অফিসে বিদ্যুৎ সরবরাহ নিয়ে হামলা হয়।
এই ব্যাপারে উপজেলা সদর হাজিরহাট বাজারের ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, হাজী বেলায়াত হোসেন জানান, দিনেতে বিদ্যুৎ দেয় না, রাতে বিদ্যুৎ পাই মাত্র ১ ঘন্টা। এতে করে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছে ব্যবসায়ীরা। তাই এর প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বিদ্যুৎ কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমস্যার সমাধান না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দিবেন বলে হুমকি দেন ব্যবসায়ী নেতারা।  
এই ব্যাপারে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।