অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


স্মৃতির পাতায় আলোকিত মানুষ এম হাবিবুর রহমান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:২০

remove_red_eye

৩৫

তালহা তালুকদার বাঁধন : আজ ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী। একজন মানুষ চলে গেলে তাঁর সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি থেকে যায়। কিছু মানুষকে হয়তো বয়সের ব্যবধান দিয়ে চেনা যায়, কিন্তু কিছু মানুষের সঙ্গে সম্পর্কের জায়গায় বয়স কখনোই দেয়াল হয়ে দাঁড়ায় না। হাবিব কাকা ছিলেন আমার কাছে ঠিক তেমনই একজন মানুষ।
আমার বয়স তাঁর অর্ধেকেরও কম। অথচ তাঁর সঙ্গে যখন কথা বলতাম, আড্ডা দিতাম, নানা বিষয়ে আলোচনা করতাম,কখনো মনে হয়নি আমাদের মাঝে এতটা বয়সের পার্থক্য। বরং মনে হতো, আমি যেন একজন আপন মানুষের সঙ্গেই বসে আছি। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, সাংবাদিকতা, মানুষের জীবন—কত বিষয় নিয়েই না আমাদের কথা হতো! তাঁর সঙ্গে সেই আড্ডাগুলো ছিল আমার জন্য এক ধরনের শিক্ষা, এক ধরনের আনন্দ।
আমার সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল খুব মিষ্টি এক সম্পর্ক। বয়সে বড় ছিলেন, কিন্তু আচরণে কখনো দূরত্ব তৈরি করেননি। বরং সবসময় স্নেহ করতেন, উৎসাহ দিতেন, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতেন। মাঝে মাঝে মজা করে বলতেন— “বাঁধন ছাড়া কোনো অনুষ্ঠানে প্রাণ পাই না।”
আমিও মজা করে বলতাম আমার বন্ধু এখন বেঁচে আছেন তিনজন। একজন এম এ তাহের, একজন অধ্যক্ষ এম ফারুকুর রহমান আর একজন এম হাবিবুর রহমান। তারাও মজা করে বলতেন ঠিক তাই। বলতেন আমাদের বুড়োদের দলের একজন তুমি।
এই একটি বাক্য হয়তো আমার জন্য শুধু প্রশংসা ছিল না; এর মধ্যে ছিল তাঁর ভালোবাসা, আস্থা আর উৎসাহ। আজ তিনি নেই, কিন্তু তাঁর মুখে বলা সেই কথাটি মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। মনে হয়, মানুষটি হয়তো কোথাও বসে আছেন, আর আগের মতোই স্নেহভরা কণ্ঠে ডাকছেন—“বাঁধন”
হাবিব কাকা শুধু একজন সাংবাদিক ছিলেন না; তিনি ছিলেন একজন সময়ের সাক্ষী। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি সাংবাদিকতায় যে ভূমিকা রেখেছিলেন, তা ভোলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মানুষের দুঃখ-কষ্ট, দুর্যোগ, অধিকার ও বাস্তবতার কথা তুলে ধরার ক্ষেত্রে তাঁর সাংবাদিকতা ছিল সাহসী ও দায়িত্বশীল।

ভোলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল অগ্রণী। ভোলার ফেরী আন্দোলন থেকে শুরু করে জেলার বিভিন্ন সামাজিক আন্দোলন জীবনের শেষ দিন পর্যন্ত তাঁকে দেখা গেছে মানুষের পাশে, আন্দোলনের সামনের সারিতে। বয়স তাঁকে কখনো মানুষের দাবি থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি।
তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি শুধু কথা বলতেন না প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতেন। সমাজের জন্য, মানুষের জন্য, নিজের জেলার জন্য তাঁর যে দায়বদ্ধতা ছিল, সেটিই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে মনে হচ্ছে, একজন মানুষ আসলে কখনোই পুরোপুরি চলে যান না। তাঁর কথা থেকে যায়, তাঁর কাজ থেকে যায়, তাঁর ভালোবাসা থেকে যায়, আর থেকে যায় কিছু অসম্ভব সুন্দর স্মৃতি।
আমার জীবনের স্মৃতির পাতায় হাবিব কাকা তেমনই একজন মানুষ যাঁর সঙ্গে বয়সের হিসাব মেলেনি, সম্পর্কের হিসাবও কোনোদিন মেলেনি। শুধু একটাই হিসাব ছিল তিনি আমাকে খুব স্নেহ করতেন, আর আমিও তাঁকে খুব আপন জানতাম মানতাম।
আজ তিনি নেই। তাঁর সঙ্গে আর কোনো আড্ডা হবে না, কোনো বিষয়ে দীর্ঘ আলোচনা হবে না, হঠাৎ করে কোনো অনুষ্ঠানে দেখা হয়ে যাবে না। কিন্তু তাঁর বলা সেই কথাগুলো, তাঁর স্নেহভরা আচরণ, তাঁর সঙ্গে কাটানো সময়গুলো এসবই আমার কাছে অমূল্য হয়ে থাকবে।
হাবিব কাকা, আপনি হয়তো আজ আমাদের মাঝে নেই। কিন্তু ভোলার মানুষের অধিকার ও সামাজিক আন্দোলনের ইতিহাসে আপনার পদচিহ্ন রয়ে গেছে। আর আমার ব্যক্তিগত স্মৃতিতে আপনি থেকে যাবেন একজন স্নেহশীল গুরুজন , একজন প্রিয় মানুষ এবং একজন আপনজন হয়ে।
আপনাকে ভুলে যাওয়া সম্ভব নয়। সময় আপনাকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেছে, কিন্তু স্মৃতি আপনাকে আরও কাছে এনে দিয়েছে। প্রিয় হাবিব কাকা, ওপারে ভালো থাকুন। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতায়— আপনার বাঁধন। 


[ লেখক: কন্ঠ শিল্পী, কথার কারিগর ]


মো : ইয়ামিন



জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...