অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


পলিমাটির সাংবাদিক হাবিবুর রহমান


কায়সার আহমেদ দুলাল

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩

remove_red_eye

৩৯

কায়সার আহমেদ দুলাল : দ্বীপ জেলা ভোলা পলিমাটির সোঁদা গন্ধমাখা এক মায়াবী জনপদ এবং কবি সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ এবং জাতীয় উন্নয়নে নিবেদিত কর্মবীর মানুষের লীলাভূমি। অথৈ উপকূলের মানচিত্রে প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকার জীবন সংগ্রামী মানুষের ঠিকানা পলিমাটির দেশ ভোলা ।
ঐতিহ্যের সিঁড়ি বেয়ে এই জনপদকে জাতীয় পর্যায় যাঁরা তুলে ধরেছেন তাঁদের মধ্যে সাংবাদিক  এম . হাবিবুর রহমান অম্লান সমুজ্জ্বল এক নাম। তিনি ছিলেন নিখাদ পলিমাটির মানুষ ; একজন প্রথিতযশা সাংবাদিক । তিনি দ্বীপজেলা ভোলায় সাংবাদিকতার পথিকৃত। সমসাময়িক কালে যে কয়জন সিনিয়র সাংবাদিক দ্বীপাঞ্চল ভোলাকে জাতীয় পর্যায়ে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের মধ্যে আমাদের অগ্রজ এম হাবিবুর রহমান অন্যতম । 
ষাটের দশকে এই বিচ্ছিন্ন দ্বীপে সাংবাদিকতা সহজসাধ্য ছিলনা। এই  মহান পেশাকে  তিনি মেধা প্রজ্ঞা সাহসিকতা এবং নির্মোহ ব্যক্তিত্ববোধে নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়  একজন  মানুষ। যিনি ঢাকা বিশ্ববিদ্যায় থেকে ১৯৬৬ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। সংগত কারণে তিনি প্রশাসনিক লাইনে সরকারের বড় আমলা হওয়ার কথা ছিলো। কিন্তু তিনি বেছে নিলেন সাংবাদিকতার মানচিত্র। তাঁর বর্ণাঢ্য জীবনে হাবিবুর রহমান এবং সাংবাদিকতা মিলেমিশে একটি বিশ্লেণে পরিণত হলেন — “সাংবাদিক হাবিবুর রহমান” ।
আশির দশকের শুরুতে আবু সুফিয়ান বাহার সম্পাদিত “ সাপ্তাহিক ভেলাবানী” দ্বীপজেলা ভোলার প্রথম কন্ঠস্বর। এই পত্রিকায় আমি মাঝে মধ্যে সংবৃত - বিবৃত শিরোনামে এবং সংকেত ছদ্মনামে উপসম্পাদকীয় লিখতাম । 
১লা আগস্ট ১৯৮৫ ভোলা সদরে কবি মোজাম্মেল হক টাউন হলে ভোলার আদি  কবি মোজাম্মেল হকের নবম মৃত্যু বার্ষিকী পালিত হয়। সাপ্তাহিক ভোলাবানী মুসলীম রেঁনেসার এই কবির স্মরণে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। সাপ্তাহিক ভোলাবানীর ৪ আগস্ট ১৯৮৫ প্রথম বর্ষ ১৮ তম সংখ্যা , ৮ সেপ্টেম্বর ১৯৮৫ ২৩তম সংখ্যা, ৭ সেপ্টেম্বর ১৯৮৬ দ্বিতীয় বর্ষ ২২তম সংখ্যায় কবি মোজাম্মেল হকের সাহিত্য ও জীবন কর্মের উপর আমার লেখা প্রকাশিত হয় ।
লেখাপড়ার উদ্দেশ্যে বরিশাল আসা যাওয়ার পথে মহাজন পট্টি তালুকদার মার্কেটের দোতালায় ভোলাবানী অফিসে সাংবাদিকদের সাথে কিছুক্ষণ আড্ডা হতো। ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ভোলাবানী অফিসে সাংবাদিক আবদুল বারী নান্নু ( বারেক মিয়া) সাংবাদিক জনাব হাবিবুর রহমান এর সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। সাংবাদিক হাবিবুর রহমান বললেন , “কবি মোজাম্মেল হকের উপর আপনার লেখা পড়েছি , অনেক ভাল লিখেছেন”। সেদিনের তাঁর স্বভাব সুলভ সাধারণ কথাটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। 
১৯৯১ সালের ২৬ অক্টোবর চরফ্যাসন থেকে অধ্যক্ষ এম.এম. নজরুল ইসলাম প্রতিষ্ঠিত ভোলা জেলার ২য় সাপ্তাহিক পত্রিকা ” সাপ্তাহিক উপকূল “ আমার সম্পাদনায় প্রকাশিত হয়।
পত্রিকা প্রকাশের পূর্বদিন ২৫ অক্টোবর চরফ্যাসন সদর রোডে চরফ্যাসন বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। সদর রোডে সাপ্তাহিক উপকূল অফিসের সামনেই জনসভাস্থল। ভোলা থেকে আগত সিনিয়ার সাংবাদিক আবু তাহের , সিনিয়ার সাংবাদিক হাবিবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সাপ্তাহিক উপকূলের নতুন অফিসে বসলেন। পরদিন সাপ্তাহিক উপকূল প্রকাশনার দিন জেনে তারা অভিনন্দন জানালেন। সাংবাদিক হাবিবুর রহমান বললেন , “সাপ্তাহিক উপকূলের শুভ সূচনায় প্রতিমন্ত্রীর জনসভা প্রধান লীড নিউজ করার সুযোগ হলো”।  ২৬ অক্টোবর ১৯৯১ সাপ্তাহিক উপকূল এর ১ম বর্ষ ১ম সংখ্যার  প্রথম লীড নিউজ ছিল , “বিএনপি সরকার সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে — মোশারেফ হোসেন শাজাহান” ।
১৯৯৪ সালে ভোলা সদর থেকে খ্যাতিমান সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন সম্পাদিত দৈনিক আজকের ভোলা এবং  কাছাকাছি সময়ের মধ্যে খ্যাতিমান সাংবাদিক এম. হাবিবুর রহমান এর সম্পাদনায় প্রকাশিত হয় “ দৈনিক বাংলার কন্ঠ”। ১৯৯৫ সালের মার্চ মাসে মহাজন পট্টিতে অবস্থিত দৈনিক বাংলার কন্ঠ পত্রিকা অফিসে সম্পাদক জনাব হাবিবুর রহমানের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ। আলাপ চারিতায় ছিল পত্রিকা সম্পাদনা প্রসঙ্গ। আমার বক্তব্য ছিল - সাপ্তাহিক পত্রিকা সম্পাদনায় হিমশিম খাচ্ছি , আপনি দৈনিক পত্রিকা সম্পাদনা করার সাহস করলেন কী করে।
তিনি বললেন,” ঝুঁকি নিলাম ; দেখি কি হয়”। আমার বিশ্বাস একটি অদম্য সাহস এবং সাংবাদিকতার নেশা তাকে এ পথে শক্তি যুগিয়েছে। তিনি কী পেয়েছেন জানিনা ; আমরা পেয়েছি  দ্বীপজেলা ভোলার ইতিহাসের পাতায় নিবেদিত একজন অনিমেখ সাংবাদিক হাবিবুর রহমান।
২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে কোস্টট্রাস্ট উদ্ভাবিত রেডিও মেঘনার শুভ উদ্বোধন অনুষ্ঠান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি। ভোলা থেকে নবীন প্রবীণ অনেক সাংবাদিক এলেন। আমি চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানে স্বনামধন্য সাংবাদিক ভোলা প্রেসক্লাব সভাপতি জনাব এম. হাবিবুর রহমান, দ্বীপবানী পত্রিকার সম্পাদক সাংবাদিক মো. আবু তাহের , সাংবাদিক অমিতাব রায় অপুর সাথে দেখা। অনুষ্ঠান শুরুর অনেক পূর্বেই আমরা দর্শক গ্যালারির সামনের সারিতে আসন গ্রহণ করি। আমার ডান পাশে সাংবাদিক জনাব হাবিবুর রহমান এবং বাম পাশে সাংবাদিক জনাব আবু তাহের। তারা চরফ্যাসনের উন্নয়ন এবং চরফ্যাসন প্রেসক্লাব প্রসঙ্গে আলাপ করলেন। সাংবাদিক হাবিবুর রহমান বললেন, কমিউনিটি রেডিও মেঘনা চরফ্যাসনের জন্য সুসংবাদ। তৃণমূল  মানুষের জীবন মান উন্নয়নে রেডিও মেঘনা বেশ অবদান রাখবে। অতপর অমিতাভ রায় অপুসহ আমরা ক্যামেরা বন্দী হই। সাংবাদিক হাবিবুর রহমানের স্মৃতিচারণে এই ছবিটি আমাকে আজও আপ্লুত করে ।
২০২২ সালের ৩০ মে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক আড়ম্বরপূর্ণ একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে ভোলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক এম. হাবিবুর রহমানকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অর্ধ শতাব্দীকাল ধরে তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয় । জাতীয় পর্যায়ে এটা ছিল তাঁর সাংবাদিকতার বড় অর্জন এবং ভোলাবাসীর জন্য গৌরবেজ্জ্বল ইতিহাস ।
প্রবীণ সাংবাদিক এম. হাবিবুর রহমান দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা করেছেন। পিছিয়ে থাকা দ্বীপ মহকুমা ভোলার পথঘাটহীন গ্রামীণ জনপদ আর চর চরাঞ্চলে ঘুরে ঘুরে তাদের সংবাদ সংগ্রহ করতে হয়েছে। তিনদিন চারদিন পর সেই সংবাদ ঢাকার পত্রিকায় ছাপা হত। এখনকার মত এত সুযোগ সুবিধ ছিলনা। ঘরে বসে সাংবাদিকতা করা যেতনা তখন। অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করে সেই সময় সাংবাদিকতা করতে হয়েছে। ছাপাখানার দস্তার হরপে টাইপ করে পত্রিকা সম্পাদনা বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাস্য মনে হবে। আমরা সেদিন এই অসাধ্যকে সাধন করেছি। আমাদের অগ্রজ সাংবাদিক হাবিবুর রহমানকে মূল্যায়ন করে সেই পরিশ্রমেরই স্বীকৃতি দিয়েছেন বসুন্ধরা গ্রুপ।  
ষাটের দশকের শেষ দিকে তৎকালীন দৈনিক পূর্বদেশ পত্রিকার সাথে যুক্ত হন হাবিবুর রহমান। পরবর্তীতে দ্বীপ মহকুমা ভোলার সংবাদদাতা হিসেবে এম হাবিবুর রহমান কাজ শুরু করেন। দৈনিক পূর্বদেশ পত্রিকায় ৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বের জলোচ্ছ্বাসের পর “কাঁদো বাঙালি কাঁদো। ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ” শিরোনামে প্রকাশিত সচিত্র প্রতিবেদনটি হাবিবুর রহমানকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভোলার ওয়াপদা কলোনি সংলগ্ন বদ্ধভূমির সচিত্র প্রতিবেদনসহ যুদ্ধকালীন বিভিন্ন সংবাদ পরিবেশন করে হাবিবুর রহমান একজন দেশ প্রেমিক ও সাহসী সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন। 
হাবিবুর রহমান দীর্ঘদিন বাংলাদেশ বেতারের ভোলা জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এম হাবিবুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর তৎকালীন ভোলা মহকুমা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
১৯৮৭ সালে ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম.ভি সামিয়া লঞ্চ বরিশালের হিজলা এলাকায় ডুবে যায়। এই সংবাদটি ভোররাতেই তিনি বাংলাদেশ বেতারে পাঠিয়েছিলেন। যা সকাল ৭ টার সংবাদে রেডিওতে প্রচারিত হয়। এই সংবাদের জন্য রাষ্ট্রপতি পাদ পেয়েছিলেন হাবিবুর রহমান।
 সাংবাদিক হাবিবুর রহমান আজ আমাদের মাঝে নেই। তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার মানুষ। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কন্ঠ সাংবাদিকতার স্বাক্ষর হিসেবে আজও উপকূলীয় জনপদের কথা বলছে। তাঁর সুযোগ্য উত্তরসুরী সাংবাদিক হাসিব রহমান পত্রিকাটি সম্পাদনা করে পিতার পথেই হাটছেন। সাংবাদিক হাবিবুর রহমান ছিলেন পলিমাটির সাংবাদিক। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে , আমাদের মেধা ও মননে। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা। [ লেখক: কবি ও সাবেক অধ্যক্ষ, চরফ্যাসন সরকারি কলেজ, সম্পাদক, সাপ্তাহিক উপকূল, চরফ্যাসন ]


মো : ইয়ামিন



জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...