বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫
৩০
॥ জুন্নু রায়হান ॥
কিছু মানুষের মৃত্যু কেবল একটি জীবনের অবসান নয়, একটি সময়ের সমাপ্তিও। তাঁদের চলে যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে যায় একটি জনপদের স্মৃতি, ইতিহাসের অনেক অজানা অধ্যায় এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত অভিজ্ঞতার এক বিশাল ভাণ্ডার। ভোলাসহ দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার কিংবদন্তি, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমানের মৃত্যু তেমনই এক শূন্যতার সৃষ্টি করেছে। প্রায় ছয় দশকের সাংবাদিকতা জীবনের অবসান ঘটিয়ে গত বছরের এই দিনে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ভোলার মানুষের কাছে তিনি ছিলেন ‘হাবিব রিপোর্টার’—একটি নাম, একটি আস্থা, একটি প্রতিষ্ঠান।
১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা সদরের চরনোয়াবাদ এলাকার ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে জন্ম তাঁর। বাবা সেকান্দার আলী সিকদার ছিলেন এলাকার পরিচিত ব্যবসায়ী, মা সায়েরা খাতুন ছিলেন স্নেহশীল ও শৃঙ্খলাপরায়ণ নারী। ছয় ভাই ও দুই বোনের পরিবারে দ্বিতীয় সন্তান হিসেবে বেড়ে ওঠা হাবিবুর রহমান শৈশব থেকেই ছিলেন মেধাবী ও ক্রীড়ানুরাগী। বিশেষ করে ফুটবলের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। উচ্চশিক্ষার পাশাপাশি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে টেনে আনে সাংবাদিকতার জগতে।
১৯৬৭ সালে তৎকালীন দৈনিক পূর্বদেশ পত্রিকায় কাজের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের আনুষ্ঠানিক সূচনা। তখনকার দিনে ভোলার মতো একটি দ্বীপজেলা থেকে জাতীয় সংবাদপত্রে খবর পাঠানো ছিল বেশ কঠিন। সীমিত যোগাযোগব্যবস্থা, নদীপথের নির্ভরতা এবং নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজ চালিয়ে গেছেন। তবে তাঁর সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে আছে ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস।
সেদিনের প্রলয়ংকরী ঝড়ে ভোলাসহ উপকূলীয় জনপদ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। চারদিকে ধ্বংসস্তূপ, স্বজনহারা মানুষের আহাজারি, আর নদী-খাল-পুকুর ও গাছপালায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল অসংখ্য মানুষের মরদেহ। সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে দুর্গত এলাকা ঘুরে ছবি তোলেন এবং সংবাদ তৈরি করেন হাবিবুর রহমান। তাঁর পাঠানো সচিত্র প্রতিবেদন দৈনিক পূর্বদেশ পত্রিকায় চার দিন পর প্রকাশিত হয় ‘কাঁদো বাঙালি কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে লাশ’ শিরোনামে। সংবাদটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। আন্তর্জাতিক পরিসরেও পৌঁছে যায় উপকূলের মানুষের ভয়াবহ দুর্দশার খবর। দুর্গত মানুষের সাহায্য ও পুনর্বাসনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষণে প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সংগ্রহশালায় আজও সংরক্ষিত রয়েছে ঐতিহাসিক সেই সংবাদ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তাঁর কলম ছিল সত্য প্রকাশের সাহসী হাতিয়ার। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও গণহত্যার চিত্র তুলে ধরে তিনি প্রকাশ করেন ‘মরণপুরী ভোলা ওয়াপদা কলোনি’ শিরোনামের প্রতিবেদন। প্রতিকূল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে এমন সংবাদ প্রকাশ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কার নির্যাতনের চিত্র তুলে ধরার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসেও নিজের অবস্থান তৈরি করেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
পরবর্তী সময়ে দীর্ঘদিন বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বেতারের মাধ্যমে দুর্গম চরাঞ্চল, নদীভাঙনকবলিত মানুষের দুর্দশা, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার নানা সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। ১৯৮৫ সালে ঢাকাগামী এমভি সামিয়া লঞ্চডুবির খবর সর্বপ্রথম রেডিও বাংলাদেশ (বর্তমানে বাংলাদেশ বেতার) এ প্রকাশের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর ঐতিহাসিক রিপোর্টিংয়ের পাশাপাশি দীর্ঘ ছয় দশক ধরে সাংবাদিকতার জন্য তিনি অর্জন করেন “বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১”।
দ্বীপজেলা ভোলায় সাংবাদিকতার বিকাশে হাবিবুর রহমান অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। শিক্ষিত তরুণদেরকে সাংবাদিকতায় আগ্রহী করে গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের সংগঠিত ও শক্তিশালী করতেও তাঁর ভূমিকা ছিল অসামান্য। ১৯৭২ সালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সাংবাদিকদের নেতৃত্বে তাঁর পথচলা শুরু। দীর্ঘ ৩৫ বছরের সাংগঠনিক দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন মেয়াদে তিনি আটবার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বেশ কয়েকবার সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে প্রেসক্লাবের নেতৃত্বে তাঁর অবস্থান এবং সাংবাদিক সমাজে প্রভাব ছিল প্রশ্নাতীত।
১৯৯৪ সালে নিজের সম্পাদনায় প্রকাশ করেন দৈনিক বাংলার কণ্ঠ। পত্রিকাটি শুধু সংবাদ প্রকাশের মাধ্যম হয়ে থাকেনি, ভোলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও অধিকার তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়। তাঁর হাত ধরে তৈরি হয়েছেন ভোলা ও দক্ষিণাঞ্চলের অসংখ্য সাংবাদিক। নবীন সংবাদকর্মীদের কাছে তিনি ছিলেন শিক্ষক, অভিভাবক ও পথপ্রদর্শক। সংবাদ সংগ্রহের কৌশল, মানুষের সঙ্গে যোগাযোগ, তথ্যের সত্যতা যাচাই এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালনের শিক্ষা দিয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে এসে অনেক তরুণ সাংবাদিক পেশাগত জীবনের দিশা পেয়েছেন।
‘হাবিব রিপোর্টার’ নামটির মধ্যেও ছিল এক বিশেষ তাৎপর্য। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন এমন একজন সাংবাদিক, যাঁর কাছে নিজেদের দুঃখ-দুর্দশার কথা বলা যেত নির্ভয়ে। তিনি শুধু খবর সংগ্রহ করতেন না, মানুষের কথা বলতেন। চরের কৃষক, নদীভাঙনে নিঃস্ব পরিবার, জেলে, শ্রমজীবী মানুষ কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাকে সংবাদে তুলে ধরতেন। ভোলার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল এই মানবিক দায়বদ্ধতা থেকেই।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের ইতি টেনে ২০২৫ সালের ২৪ নভেম্বর রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর একমাত্র ছেলে হাসিব রহমানও সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।
এম. হাবিবুর রহমানের চলে যাওয়া ভোলার সাংবাদিকতা জগতে এক অপূরণীয় শূন্যতা। কিন্তু তাঁর রেখে যাওয়া প্রতিবেদন, সাহসী সাংবাদিকতার দৃষ্টান্ত, পেশাগত সততা এবং অসংখ্য শিক্ষার্থী ও অনুসারীর মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন। এখন সময় এসেছে তাঁর প্রকাশিত সংবাদ, ছবি, স্মৃতিচারণ ও সাংবাদিকতা জীবনের গুরুত্বপূর্ণ দলিলগুলো সংরক্ষণের। গড়ে তোলা যেতে পারে তাঁর নামে একটি সাংবাদিকতা স্মৃতি সংগ্রহশালা, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপকূলীয় সাংবাদিকতার ইতিহাস তুলে ধরবে।
একটি দ্বীপের মানুষের হাসি-কান্না, পাওয়া- না পাওয়া, সংগ্রাম ও সম্ভাবনাকে যিনি ছয় দশক ধরে জাতীয় পরিসরে পৌঁছে দিয়েছেন, তাঁর অবদান কোনো মৃত্যুসংবাদে শেষ হওয়ার নয়। ভোলার নদী, জনপদ আর মানুষের স্মৃতিতে ‘হাবিব রিপোর্টার’ থেকে যাবেন এক অনন্য ইতিহাস হয়ে। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়, সাংবাদিকতা কেবল পেশা নয়, মানুষের পাশে দাঁড়ানোর এক নিরন্তর দায়িত্ব।
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত