অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক


মো: ইয়ামিন

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৪৪

॥ মো: ইয়ামিন ॥
কিছু মানুষ জীবনে আসেন শুধু পরিচিত হয়ে থাকার জন্য নয়, আপনজন হয়ে ওঠার জন্য। তাঁদের স্নেহ, ভালোবাসা, শাসন, উপদেশ আর মমতা জীবনের পথচলায় এমনভাবে মিশে যায় যে, একসময় তাঁরা আর শুধু দূরের মানুষ থাকেন না—হয়ে ওঠেন ছায়া, আশ্রয় কিংবা অভিভাবক। আমার জীবনে তেমনই একজন মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এম. হাবিবুর রহমান আমার প্রিয় হাবিব কাকা।
২০২১ সালে আমি প্রথম দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকা অফিসে যাই। অফিসে যোগ দেওয়ার দুই-তিন দিন পর হাবিব কাকা সেখানে আসেন। আমি তাঁকে সালাম দিতেই তিনি সস্নেহে জানতে চাইলেন, তোমার নাম কী? বাসা কোথায়?’ তাঁর কথাবার্তায় কোনো দূরত্ব ছিল না। বরং প্রথম পরিচয়েই মনে হয়েছিল, তিনি যেন অনেক দিনের পরিচিত একজন মানুষ।
তিনি তখন ভোলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। বিভিন্ন সরকারি সভা, অনুষ্ঠান ও সাংগঠনিক ব্যস্ততার কারণে সব সময় অফিসে আসতে পারতেন না। তবে অফিসে না এলেও ফোন করে নিয়মিত আমার খোঁজ নিতেন। কখনো এক দিন পর, কখনো সুযোগ হলে প্রতিদিনই অফিসে আসতেন। আমাকে নানা বিষয়ে প্রশ্ন করতেন, সংবাদ নিয়ে কথা বলতেন, কাজের খোঁজখবর নিতেন। ধীরে ধীরে তাঁর কাছ থেকেই সংবাদকর্মী হিসেবে কাজ শেখার সুযোগ হয়।
কয়েক মাস পর একদিন কাকা আমাকে বললেন, তুমি পারবা, আগায়া যাও। সঙ্গে আশ্বস্ত করলেন, কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে তাঁকে জানাতে। কেউ কিছু বললে কিংবা কোনো অসুবিধা হলে যেন নির্দ্বিধায় তাকে জানাই। তাঁর এই কথাগুলো আমার কাছে শুধু উৎসাহ ছিল না, ছিল একজন অভিভাবকের ভরসা। নতুন একজন সংবাদকর্মী হিসেবে তাঁর এই আশ্রয় প্রশ্রয়  আমাকে অনেক সাহস দিয়েছিল।
কাকা আমাকে খুব কমই ইয়ামিন, বলে ডাকতেন। বেশির ভাগ সময়ই বলতেন বাবা,। ফোন করেও তাঁর সেই পরিচিত ডাক শুনতাম ‘বাবা, কোথায় তুমি?  আমি অফিসে আসতেছি।’ আমি বলতাম, ‘কাকা, আমিও আসতেছি।’ এরপর আগে অফিসে গিয়ে বসে থাকতাম। কোনো কোনো দিন তিনি আমার আগেই এসে নিচের দোকানে বসে থাকতেন। ফোন দিয়ে বলতেন, ‘বাবা, আমি চলে এসেছি। অফিসে পৌঁছালে তাঁর মুখে ফুটে উঠত সেই মুচকি হাসি। আজও সেই হাসিটা চোখের সামনে ভাসে।
কাকা অফিসে এলে প্রায়ই বলতেন, ‘বাবা, আজকে কী খাওয়াবা?’ কখনো বলতেন, ‘আমাদের দুজনের জন্য বড়ফি আর রুটি নিয়ে আসো, সঙ্গে ডিম।’ সেই ছোট্ট আবদার, একসঙ্গে বসে খাওয়া আর গল্প করা সবই ছিল আমাদের দৈনন্দিন সম্পর্কের এক সুন্দর অংশ। অফিসে কোনো অতিথি এলে তিনি কাউকে কিছু না খাইয়ে যেতে দিতেন না। প্রায় সময়ই কাকার বাসায় যেতে হতো আমাকে। বাসায় গেলেই তিনি বাসার লোকজনকে উদ্দেশ্য করে বলেতেন, ‘এই ইয়ামিন এসেছে। কিছু খেতে দেও।’ বাসায় গেলে কিছু না কিছু না খাইয়ে কোনদিন আসতে দিতেন না। কাকার আপ্যায়ন, আন্তরিকতা আর মানুষকে আপন করে নেওয়ার অভ্যাস ছিল অসাধারণ।
কাজের ফাঁকে কাকা প্রতিদিনই নানা বিষয়ে কথা বলতেন। জানতে চাইতেন, কী সংবাদ আছে, কোন খবর কীভাবে প্রকাশ করা যায়, কোথায় যেতে হবে, কীভাবে মানুষের কথা তুলে ধরতে হবে। শুধু সাংবাদিকতা নয়, জীবন নিয়েও অনেক উপদেশ দিতেন। বারবার বলতেন, ‘ তোমার বাবা-মাকে কখনো কষ্ট দিও না। কারও সঙ্গে খারাপ ব্যবহার করবা না। সবাইকে সম্মান দিয়ে কথা বলবা।’ তাঁর এসব কথা আমি আজও মনে রাখার চেষ্টা করি। একজন সাংবাদিক হিসেবে কাজ শেখানোর পাশাপাশি মানুষ হিসেবেও তিনি আমাকে গড়ে তোলার চেষ্টা করেছেন।
একদিন তিনি আমাকে ডেকে বললেন, ‘ইয়ামিন সাহেব, এদিকে আসেন। আমি গিয়ে চেয়ারে বসতেই বললেন, তোমাকে কয়েকটা কথা বলব।’ আমি বললাম, ‘জি কাকা, বলেন।’ এরপর তিনি এমন কিছু কথা বললেন, যা আজও আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। কাকা বললেন, ‘আমি কখনো কাউকে এই কথাগুলো বলিনি, আজ তোমাকে বলব। তোমার মধ্যে অনেক কিছু আছে, হয়তো কেউ জানে না। তোমার কথা, কথার ধরন, চিন্তাভাবনা এসব ভালো লাগে। আজীবন এরকম থেকো। দেখবে, একদিন বাবা-মায়ের দোয়ায় অনেক বড় হবে। আমি তোমার বিষয়ে আর কিছু বলব না, শুধু এই কথাটা মনে রেখো।’
কথাগুলো বলেই তিনি থেমে গেলেন। সেদিন তাঁর কথার গভীরতা হয়তো পুরোপুরি বুঝতে পারিনি। কিন্তু আজ মনে হয়, তিনি আমার মধ্যে কোনো সম্ভাবনা দেখেছিলেন। তাঁর সেই বিশ্বাস, সেই দোয়া আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে আছে।
কাকার সঙ্গে একদিন বাংলাদেশ বেতার, বরিশাল-এ যাওয়ার সুযোগ হয়েছিল। বিকেলে তিনি বললেন, ‘ইয়ামিন! বাবা, আমার সঙ্গে কাল বাংলাদেশ বেতারে যাবা।’ আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। পরদিন সকালে তাঁর সঙ্গে রওনা হই। ভেদুরিয়া হয়ে বরিশাল পৌঁছে একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা করি। এরপর যাই বেতার কেন্দ্রে। বেতার কেন্দ্রে প্রবেশের সময় গেটের নিরাপত্তাকর্মী কাকাকে দেখে সালাম দিয়ে কুশল বিনিময় করলেন। ভেতরে যাওয়ার পরও দেখলাম, সবাই তাঁকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন। কোথাও তাঁর পরিচিতি, কোথাও তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের প্রতি মানুষের শ্রদ্ধা সবকিছু দেখে মনে হয়েছিল, একজন মানুষের জীবনের অর্জন কেবল পদবি বা পরিচয়ে নয়, মানুষের ভালোবাসা ও সম্মানেই প্রকাশ পায়। সেদিন তাঁর সঙ্গে থেকে এই বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করেছিলাম।
কাকা প্রতিদিন অফিসে না এলেও ফোন করে প্রতিদিনই খোঁজ নিতেন। বলতেন, ‘ইয়ামিন ! বাবা, কেমন আছো? কী নিউজ আছে? কোন নিউজ কীভাবে দিবা? এমন সব প্রশ্ন ছিল তাঁর নিয়মিত কথার অংশ। হাসিব ভাইকে ফোনে না পেলে আমাকে ফোন করতেন। বলতেন, ‘ইয়ামিন! হাসিব কোথায়’?  হাসিব ভাই কাকার এক মাত্র ছেলে। 
কোনো দুর্যোগ, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা রাত করে অফিস থেকে বের হওয়ার সময়ও তিনি খোঁজ নিতেন। রাত ১১টার দিকে ফোন করে জানতে চাইতেন, ‘ইয়ামিন! বাবা, অফিস থেকে বের হইছো? বাসায় ঠিকঠাক পৌঁছাইছো? সকালে আবার ফোন করে জানতে চাইতেন, ঘুম থেকে উঠেছি কি না। একজন সম্পাদক হিসেবে নয়, একজন বাবার মতোই তিনি এসব খোঁজখবর নিতেন।
কাকা ছিলেন আমার সুইচ ব্যাংক। যেকোন সময় টাকার প্রয়োজন হলে তাঁর কাছে চাইতাম। তিনি কোনো দ্বিধা ছাড়াই সহযোগিতা করতেন। তাঁর সেই সাহায্য, স্নেহ আর আন্তরিকতা আমাকে বারবার নিজের বাবার কথা মনে করিয়ে দিত। আমিও তাঁকে বাবার মতোই সম্মান করতাম, ভালোবাসতাম। আজো ভালোবাসি। 
কাকার সঙ্গে আমার শেষ দিকের কথাগুলো আজও মনে পড়লে বুকটা ভার হয়ে আসে। নিজের অজান্তেই বুকের গভীর থেকে একটা দীর্ঘ শ্বাস বের হয়ে আসে। ২০২৫ সালের ১৯ নভেম্বর বুধবার। কাকা সন্ধ্যার পরপরই অফিসে এসেছিলেন। দুই-তিন ঘণ্টার মতো তাঁর সঙ্গে কথা হয়। একপর্যায়ে তিনি আমাকে বললেন, ‘ইয়ামিন! বাবা, তুমি আমার অফিসটা দেখে রেখো। অফিসটা সামলাইয়া রাইখো, আমাদের ছেড়ে দিও না। হাসিবকে দেখে রেখো। হাসিব আমার ছেলে, খুব সহজ-সরল। হাসিব কোনো ভুল সিদ্ধান্ত নিলে বুঝাইয়া বলবা। প্রয়োজন হলে জুন্নু সাহেবকে দিয়ে হাসিবকে বলাইও।’ এসব কথা বলতে বলতেই সুমন ভাই আসে তখন কাকা বলেন, ‘সুমনকে একটু বেশি গুরুত্ব দিও।’
কথাগুলো তিনি বলেছিলেন হাসি-ঠাট্টার মধ্যেই, স্বাভাবিক ভঙ্গিতে। তখন বুঝিনি, কেন তিনি বারবার অফিসের দায়িত্ব, মানুষগুলোর কথা এভাবে বলেছিলেন। আজ ঘুরেফিরে কাকার সেই শেষ দিনের কথাগুলোই বারবার মনে পড়ছে।  
এরপর ২১শে নভেম্বর ২০২৫ইং শুক্রবার সন্ধ্যায় আবার অফিসে আসেন। এক-দুই ঘণ্টা তাঁর সঙ্গে কথা হয়। সেদিনও বুধবারের কথাগুলো আবার বললেন। আমি স্বাভাবিকভাবেই শুনেছিলাম। কে জানত, সেই কথাগুলোই একদিন আমার স্মৃতির সবচেয়ে ভারী অংশ হয়ে থাকবে।
শুক্রবার আমার সঙ্গে কথা বলে তিনি বাসায় চলে যান। রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ২২শে নভেম্বর ২০২৫ইং শনিবার সকালে কিছুটা সুস্থ অনুভব করলে বাসায় ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু শনিবার রাতেই আবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে খবর পেয়ে আমি ছুটে যাই।
হাসপাতালে গিয়ে দেখি, কাকা অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। বারবার আমার দিকে তাকাচ্ছেন। মুখে অক্সিজেন মাস্ক। সেই অবস্থায়ও আমাকে চিনতে পেরে বললেন, ‘ইয়ামিন! বাবা আসছো? 
আমি তাঁর পাশে দাঁড়িয়ে ছিলাম। তাঁর সেই ডাক, আমার দিকে তাকিয়ে থাকা— সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। আর ২৪শে নভেম্বর ২০২৫ইং সোমবার তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে যান।
আজ কাকা নেই। অফিসে গেলে আর কেউ সেই পরিচিত কণ্ঠে বলে না, বাবা কী খাওয়াবা, ফোন বাজলেও আর ওপাশ থেকে শোনা যায় না, ‘ইয়ামিন! বাবা, কেমন আছো’? কেউ আর গভীর রাতে খোঁজ নেয় না, বাসায় ঠিকমতো পৌঁছেছি কি না। অফিসে বসে কাজ করতে করতে হঠাৎ তাঁর কথা মনে পড়ে। মনে পড়ে সেই মুচকি হাসি, স্নেহভরা ডাক, ছোট ছোট উপদেশ আর অসীম মমতা।
তিনি শুধু একজন সম্পাদক ছিলেন না, ছিলেন আমার অভিভাবক, শিক্ষক ও ভালোবাসার মানুষ। সংবাদ লেখা শিখিয়েছেন, দায়িত্ব বুঝিয়েছেন, সাহস জুগিয়েছেন। সর্বোপরি, শিখিয়েছেন মানুষকে সম্মান করতে, বাবা-মাকে ভালোবাসতে এবং মানুষের পাশে থাকতে।
কিছু মানুষের চলে যাওয়া শুধু শূন্যতা তৈরি করে না, রেখে যায় এমন কিছু স্মৃতি, যা প্রতিদিন নতুন করে তাঁদের জীবন্ত করে তোলে। এম. হাবিবুর রহমান কাকা আমার জীবনে তেমনই একজন মানুষ। তাঁর দেওয়া স্নেহ, ভালোবাসা, উপদেশ আর বিশ্বাস আমি কখনো ভুলব না।
হাবিব কাকা, আপনি নেই কিন্তু আপনার সেই ‘বাবা’ ডাক আজও আমার কানে বাজে। আপনি আমার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ ! আমার প্রিয় হাবিব কাকাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর কবরকে প্রশান্তিময় করুন এবং তাঁর রেখে যাওয়া পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের ধৈর্য ধারণের শক্তি দিন। 


[ লেখক: সাংবাদিক, দৈনিক বাংলার কণ্ঠ]





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

আরও...