অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫১

remove_red_eye

৩০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে ২০১৮ সালে নির্মিত ৭৬ লাখ টাকা ব্যয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। নতুন ভবনটিকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে সরকারি সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুয়া আদেশে ভবন ভাঙার কাজের ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নাম উল্লেখ রয়েছে।
জানা গেছে, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকায় অবস্থিত ১৭৩ নম্বর পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ভাঙার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের স্বাক্ষর জাল করে একটি আদেশ তৈরি করা হয়। গত ২২ জুন ২০২৬ তারিখে তৈরি ওই আদেশে স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে ৭৩৬।
স্থানীয় রায়হান, জলিল ও আবুল হোসেনসহ কয়েকজন জানান, কয়েক দিন আগে লিটন নামের এক ব্যক্তি বিদ্যালয়ের ভবনটি ভেঙে নিয়ে যাওয়ার জন্য সেখানে যান। এ সময় এলাকাবাসী বাধা দিলে তিনি ভবন ভাঙার কাজ না করেই ফিরে যান। তবে লিটন এলাকাবাসীকে জানান, সরকারি টেন্ডারের মাধ্যমে ভবনটি ভাঙার দায়িত্ব পেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ভবনটি ভাঙার সরকারি টেন্ডার হয়েছে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে গত ২২ নভেম্বর বিদ্যালয়ের দাতা সদস্যরা ভবনটি না ভাঙার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষা কর্মকর্তার নির্দেশে ভবনটিকে পরিত্যক্ত দেখিয়ে তিনি একটি রেজুলেশন দিয়েছিলেন। এরপর এ বিষয়ে কী হয়েছে, তা তাঁর জানা নেই।
ভুয়া আদেশে ঠিকাদার হিসেবে নাম উল্লেখ থাকা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, তাঁর নামে ভবন ভাঙার যে আদেশ তৈরি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। তবে ইউএনও কার্যালয় থেকে এ বিষয়ে জানিয়ে সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ফাইল ইউএনও কার্যালয়ে জমা দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তদন্তে দেখা গেছে, এ ধরনের কোনো আদেশ উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি। এমনকি সরকারি পরিত্যক্ত ভবনসংক্রান্ত উপজেলা কমিটিও ভবনটি ভাঙার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। আদেশে তাঁর স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করে জাল নথি তৈরি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...