অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুব চরে আটকা বাল্কহেড উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ রাত ১২:২১

remove_red_eye

৩৭৪

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ একটি নৌযান (বাল্ক হেড) ডুবো চরে আটকে ডুবে যাচ্ছে ; জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন সংবাদ পেয়ে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা গিয়ে নৌযানটি উদ্ধার করেছে। শনিবার বিকালে ভোলার ইলিশা ফেরিঘাটের কাছে মেঘনা নদীতে বাল্কহেডটি ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনায় পড়েছিল। জানা যায়, শনিবার বিকালে ভোলার ইলিশা ফেরিঘাটের কাছে রাজাপুর ইউনিয়নের জোড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ এর মেঘনা ঘাট থেকে ২০০০ ব্যাগ সিমেন্ট নিয়ে এম.বি আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের বাল্কহেডটি তিন জন স্টাফসহ পটুয়াখালীর কলাপাড়া যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ভোলার মেঘনা নদীর ডুবোচরের সাথে আটকে যায়। তাৎক্ষণিক শাহিন নামের এক তরুণ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে নৌযানটি উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানায়। ৯৯৯ কলটেকার কনষ্টেবল বিলকিস আক্তার কলটি রিসিভ করে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং ভোলার পূর্ব ইলিশা সদর নৌ থানা ও কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন। সংবাদ পেয়ে ভোলার পূর্ব ইলিশা নৌ থানা পুলিশ এবং কোস্টগার্ড এর পৃথক দুটি দল গিয়ে ঘটনাস্থল থেকে তিন জন স্টাফকে উদ্ধার করে এবং কাত হয়ে পড়া নৌযান থেকে সিমেন্টের ব্যাগগুলো অপর একটি ট্রলারে তুলে আনে। পরে পাম্পের সাহায্যে পানি অপসারণ করে বাল্ক হেডটিও নিরাপদে নিয়ে আসে। ভোলার ইলিশা নৌথানার ওসি আক্তার হোসেন জানান, শনিবার বিকালে সংবাদ পাওয়ার সাথে পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। রাত সাড়ে এগারটার দিকে উদ্ধার কাজ শেষ হয়। ওসি জানান, নিচের দিকে থাকা কিছু সিমেন্ট ছাড়া বিশেষ কেন ক্ষতি হয়নি।