অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার ৩৪ জেলে আটক।। জাল ও মাছ জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২৩

remove_red_eye

২৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোলার বিভিন্ন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে তাদের  আটক করে কোষ্টগার্ড, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে কারেন্ট জাল ও  ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
 ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ( অপারেশন)লে: হাসান মেহেদী জামান, আজ রবিবার সকালে কোষ্টগার্ডের একটি বিশেষ টিম ভোলার ইলিশা ও তুলাতুলি এলাকায় অভিযান চালিয়েছে। এসময় ওই এলাকায় মেঘনা নদী ছিল জেলে শূন্য। তারা ভোলায় দিনে ও রাতে অভিযান চালাচ্ছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ রবিবার দুপুরে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৩৪ জন কে আটক করা হয়। এনিয়ে ৪ দিনে মোট ৩৬ জেলেকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ২৪ ঘন্টায় আটককৃত ৩৪ জনের মধ্যে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ২৮ জেলেকে জরিমানা, দুই জেলেকে ১৫ দিন কারাদণ্ড ও ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। এসময় ৫৪ হাজার ৭'শ মিটার কারেন্ট জাল, ৮ টি নৌকা ও ১৯২ কেজি ইলিশ জব্দ করার পাশাপাশি ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি জব্দকৃত মাছ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।