অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মে ২০২৬ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৩২

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার অনন্য উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের এই কর্মসূচি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সফলতার ধারাবাহিকতায় এটিকে আগামী দিনের খেলোয়াড় তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে এটি তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠবে।

গত ২ মে থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট জেলা স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন। সেই সঙ্গে ভার্চুয়ালি সারাদেশের জেলা স্টেডিয়াম কিংবা অন্যান্য উপযুক্ত মাঠে হাজারো প্রতিযোগী যুক্ত ছিলেন। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর। এক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় ক্রীড়া অফিস বিষয়টি দেখভাল করছে।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। একইসঙ্গে দলগত চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ বৃদ্ধিতেও খেলাধুলা সহায়তা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট এই ক্রীড়া আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

গত ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর এবং ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। 

এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫ হাজার ৩২৪ জন আবেদনকারী রয়েছে। এরপরই রয়েছে চট্টগ্রাম, সেখানে ৯ হাজার ৩০৫ জন এবং ঢাকায় ৮ হাজার ৮৯৬ জন রেজিস্ট্রেশন করেছে। 

ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন জানান, উপজেলা পর্যায়ে দল গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১৩ থেকে ২২ মে পর্যন্ত অঞ্চল ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা চলবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্র জানায়, বাছাইকৃত প্রতিটি খেলোয়াড়কে জেলা পর্যায় থেকে জার্সি প্রদান করা হবে। পাশাপাশি তাদের প্রতিটি পর্যায়ে স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে।

জাতীয় পর্যায়ে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ও নিজেকে পরিণত করার সুযোগ থাকবে। প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগও এর মাধ্যমে তৈরি হবে। 

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, চূড়ান্ত পর্বে নির্বাচিতদের বিকেএসপিতে ভর্তি ও বিশেষ ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে। এছাড়া ঢাকার ওপর চাপ কমাতে চট্টগ্রামসহ অন্যান্য আঞ্চলিক বিকেএসপির কেন্দ্রগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ও স্বজনপ্রীতি রুখতে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিমও নিয়োজিত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশের ক্রীড়া সংস্কারের এক সাহসী প্রচেষ্টা। যদি সঠিকভাবে এই প্রতিভাদের পরিচর্যা করা সম্ভব হয়, তবে ভবিষ্যতে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও উজ্জ্বল হয়ে উঠবে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া ব্যক্তিত্ব এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন।

একইসঙ্গে আগামী দিনের ক্রীড়া উন্নয়নে এই কর্মসূচিকে একটি মাইলফলক হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে ময়মনসিংহ ও জামালপুর স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, অত্যন্ত সুসংগঠিত একটি কাঠামোর মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালনা করা হচ্ছে। তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতে ইউনিয়ন ও সিটি করপোরেশন ওয়ার্ড পর্যায় থেকেও কার্যক্রম চলছে। এভাবে পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও আঞ্চলিক ধাপ পেরিয়ে সেরা প্রতিভারা জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম জানান, আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পুরো দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এগুলো হচ্ছে—ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। এসব অঞ্চলের মধ্যে বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়।

জানা যায়, ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনে প্রতিটি পর্যায়ে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দাবায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুইস লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। ব্যক্তিগত ইভেন্ট অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টের ক্ষেত্রে প্রাথমিক বাছাই (হিট/নকআউট) ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে নির্ধারণ করা হবে ফলাফল।

তৃণমূলের তরুণ খেলোয়াড়দের কথা উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রতিযোগিতায় শিশু-কিশোরেরা তাদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবে। যারা ভবিষ্যতে বৈশ্বিক নাগরিক হয়ে ক্রীড়ায় বিশ্বজুড়ে বাংলাদেশের নেতৃত্ব দেবে।





বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আরও...