অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ | ২৪শে ভাদ্র ১৪৩৩


লালমোহনের হরিগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হরিগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস কালাম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জসিম মিয়া, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সহসভাপতি মোশারেফ হোসেন শিপলু মেম্বারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 


এছাড়া স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।” মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও 

মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে গোপনে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মোশারেফ হোসেন শিপলু মেম্বার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এ ইউনিয়নে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “মাননীয় স্পিকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিস্তার রোধে ভূমিকা রাখব।” এ সময় তিনি চরভূতা ইউনিয়নের কয়েকটি মাদকপ্রবণ এলাকার কথাও তুলে ধরেন।
ডা. ছিদ্দিকুর রহমান বলেন, মাদক একটি ভয়ংকর ব্যাধি। এর থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে ইলিয়াস কালাম সরকার বলেন, মাদকসেবীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কেউ গ্রেপ্তার হলে তার পক্ষে কোনো ধরনের সুপারিশ করা হবে না বলেও তিনি জানান।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।