বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯
৪৯
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একইসঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
সরকারের সাত মাস পূর্তি উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন এসব কথা বলেন। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকারের পথ চলা শুরু হয়।
মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ী ও গণমাধ্যমের সাথে বৈঠকে গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অত্যন্ত স্বল্প সময়ে গতকাল থেকে তা বাস্তবায়ন শুরু হয়েছে। শিল্পকারখানাগুলো আবারও সচল রাখা এবং বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ধরে রাখতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।’
সরকারের সাত মাসের অগ্রগতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘নির্বাচিত সরকার গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৬ বছরের শাসন-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে নতুনভাবে দেশকে পুনর্গঠন করা হচ্ছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বর্তমান সরকার জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।’
মাহ্দী আমিন বলেন, ‘একটি সুখবর দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’র রেটিংয়ে বাংলাদেশকে গতকাল (মঙ্গলবার) নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারাবিশ্বে একটি স্থিতিশীল রাষ্ট্র।’
তিনি আরো বলেন, ‘যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি— শুধু বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাই বাড়বে না বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন, সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত এক মাসে বাস্তবায়িত ও গৃহীত এই কর্মযজ্ঞ প্রমাণ করে যে, বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমেই জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। বৈদেশিক ঋণের চাপ সফলভাবে মোকাবিলা করা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যখাতের বৈপ্লবিক উন্নয়ন এবং কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করাসহ প্রতিটি পদক্ষেপে সরকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী মানসিকতার প্রতিফলন ঘটেছে।’
তিনি বলেন, ‘সাফল্যগুলো আগামী দিনে বাংলাদেশকে একটি মর্যাদাশীল, স্বাবলম্বী ও মেধাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের যে সুদৃঢ় পথযাত্রা, সেটিকে আরো বিকশিত করবে। আসুন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই গণমুখী ও দূরদর্শী নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতাকে আমরা আরো বেগবান করি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘গত ১৬ বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে আমরা নতুনভাবে পুনর্গঠন করছি। যেখানে মাত্র সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান হয়তো করে ফেলা কঠিন বা দুরূহ। তবে, বর্তমান নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার— যার ক্ষমতার একমাত্র উৎস জনগণ, সেখানে সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা আজ প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান।’
তিনি বলেন, ‘দল, মত, পথ ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সরকারের মূল লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’— সেটিই হবে চলার পথের পাথেয়।’
প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বিগত বছরের একই সময়ের তুলনায় অর্থাৎ আজকে যদি আমরা তুলনা করি— গত বছরের এই সময়ের সাথে কিংবা গত মাসের এই সময়ের সাথে, তাহলে কিন্তু আমাদের মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ইতিবাচক দিকে যাচ্ছে। অর্থাৎ তুলনামূলকভাবে আমাদের যে ইনফ্লেশন রেট, সেটা কমে এসেছে। আমাদের খাদ্যপণ্য, দ্রব্যমূল্যের যে বৃদ্ধির হার— সেটা কমে এসেছে। এর পাশাপাশি আমাদের অন্যান্য বছরের তুলনায় বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যপণ্য রয়েছে, সেটার জোগান তুলনামূলকভাবে বেশ ভালো।
জ্বালানি তেলের মূল্য সম্পর্কে মাহ্দী আমিন বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এবং বিশেষত আশেপাশের যেকোনো দেশের তুলনায় ডিজেল তেলের দাম বাংলাদেশে অপেক্ষাকৃত কম। অর্থাৎ তেলের ক্ষেত্রেও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে, যেন জনগণের ওপর চাপ না পড়ে।’
এক মাসে সরকারের ৭ পদক্ষেপ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘গত এক মাসে সরকার যেসব জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা এগুলোকে মোটামুটিভাবে সাতটি ডিফারেন্ট ভাগে বিভক্ত করতে পারি। এগুলো হচ্ছে, তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি উদ্ভাবন, গণ মানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন, নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা, সাত প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।’
মাহ্দী আমিন বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও জীবনমানের উন্নয়নে সরকারি কিছু পদক্ষেপ আমরা গত এক মাসে দেখতে পেয়েছি। তার মাঝে অন্যতম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তিতে সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে-স্কেল অনুমোদন।’
‘সব গ্রেডের সরকারি চাকরিজীবীর জন্য সমহারে প্রাতিষ্ঠানিক মোবাইল ভাতার সুবিধা সম্প্রসারণ। অবসরপ্রাপ্ত নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বৃদ্ধি এবং তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা।’
তিনি বলেন, গত এক মাসে দাপ্তরিক কাজে গতি আনতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থবিভাগের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার, ভূমি শাসনে স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে একই কর্মসংস্থলে পদায়ন সম্পূর্ণ বন্ধকরণ, সম্পত্তি দান করার পরেও বাবা-মায়ের আজীবন ভোগ দখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা আইন পাস, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের সেরা ১০০ মেধাবী শিক্ষককে ১ লাখ টাকা করে বিশেষ জাতীয় অর্থ পুরস্কার প্রদানের উদ্যোগ, সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ব্যাপকভাবে বৃদ্ধি করে স্থায়ী তহবিলে রূপান্তর, প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিরাপত্তায় দেশব্যাপী সিগনেচার প্রজেক্টগুলো যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সরকারি ভাতার সম্প্রসারণ।
এ ছাড়াও ঢাকার তিনটি অন্যতম প্রধান বস্তি কড়াইল, ভাসানটেক ও তলা পুনর্বাসনে চীনের ১০ হাজার কোটি টাকা অর্থায়নে ২০ তলা আধুনিক ভবনে বিনামূল্যে আবাসক ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবনা, ইতালির মিলানের আন্তর্জাতিক সোর্সিং মেলা রেডি টু শোতে বাংলাদেশের বিভিন্ন পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠানের সফল অংশগ্রহণ এবং মেইড ইন বাংলাদেশ স্লোগানকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া, নিরাপদ ও মানসম্পন্ন মাংস প্রক্রিয়াজাত করে ভবিষ্যতে রপ্তানির লক্ষ্যে প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান, গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনের সফল প্রয়োগ, প্রাণিসম্পদ সেবায় প্রতিটি ইউনিয়নে চারজন এবং উপজেলায় একজন করে সরকারি পশু চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু, বান্দরবানের দুর্গম পাহাড়ের অর্ধশত পাড়ায় আধুনিক প্রযুক্তির সহায়তায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, রাজধানী ঢাকায় ১৫টি আধুনিক রাইডসহ কেন্দ্রীয় শিশু পার্কে বিশ্বমানের আদলে কীভাবে সংস্কার করা যায়— আগামী জুনের মধ্যে সেটিকে উন্মুক্ত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ, ৪১ টি দেশের এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য সেটিকে আরো সহযোগীকরণ এবং সেবাবান্ধব করার জন্য কার্যকর নির্দেশনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
নারীর অগ্রযাত্রাকে প্রাধান্য দিয়ে এবং তাদের সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষার জন্য গত এক মাসে সরকারের নেওয়া পরিকল্পনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘সাইবার পরিসরে নারীদের হয়রানি ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সাথে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ নারী শিক্ষার্থীদের সার্বজনীন উপবৃত্তি এবং স্কুলে পুষ্টিকর খাবারের স্থায়ী নিশ্চয়তা বিধানের কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
মাহ্দী আমিন বলেন, ‘চা শিল্পে কর্মরত নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ২০ হাজার চা শ্রমিকের মাঝে আধুনিক ঋণ কোট বিতরণ করা হয়েছে।’ এছাড়া গত মাসের সরকারের কর্মকাণ্ড পরিচালনার একটি পরিসংখ্যান তুলে ধরেন মাহ্দী আমিন।
এগুলোর মধ্যে আছে, প্রবাসে কর্মরত লাখো নারী ও পুরুষ শ্রমিকের আইনি সুরক্ষায় ১৩ দেশের শীর্ষ ২২ টি আন্তর্জাতিক আইন সংস্থার সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, মানবিক বিবেচনায় কারাগারে বন্দিদের সাথে তাদের পরিবারের সদস্যদের নিয়মিত নিরাপদ ভার্চুয়াল সাক্ষাতের ব্যবস্থা প্রবর্তন, মানবিক রাষ্ট্রনায়ক হিসেবে ফিল্ড ফায়ারিং দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সশরীরে প্রধানমন্ত্রীর উপস্থিতি, খোঁজখবর এবং অনুপ্রেরণা প্রদান, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের শহীদ দুই সেনা সদস্যের পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান, পরিবেশবান্ধব জ্বালানি, কৃষি ও জলবায়ু সহনশীল শিল্পায়নের ক্ষেত্রে কিছু কার্যকর দৃশ্যমান প্রকল্প এবং উন্নয়ন হয়েছে।
গ্যাস সংকটের স্থায়ী সমাধানের পরিকল্পনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্য মেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে আরো ১৫০টি কূপ খননের কার্যক্রম এরপর শুরু হবে। এলএনজি সক্ষমতা বাড়াতে বিদ্যমান দু’টি এফএসআরইউ-কে পর্যায়ক্রমে বাড়িয়ে কীভাবে পাঁচটিতে উন্নীত করা যায়— সে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সম্ভব হলে ২০২৮ এর আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে।’
মাহ্দী আমিন বলেন, বিদ্যুৎ খাতে বড় অগ্রগতি হিসেবে কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে স্থগিত থাকা ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু, শিল্প ও কৃষির বিকাশে উপজেলা ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা, পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্তকরণ, কৃষকের সেচ খরচ শূন্যে নামিয়ে আনতে আগামী পাঁচ বছরে দেশের সকল ডিজেল চালিত সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের মহাপরিকল্পনা, রাঙ্গামাটির বিদ্যুৎহীন ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল উদ্যোগ, বাসা-বাড়ির ছাদভিত্তিক সৌর বিদ্যুতে নতুন প্রণোদনা ঘোষণা, অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সাড়ে ১০ টাকা ইউনিট দরে ক্রয়ের প্রজ্ঞাপন জারি, সবুজ বিদ্যুৎ প্রকল্প উৎসাহিত করতে সোলার পাওয়ার প্ল্যান্টের আধুনিক যন্ত্রাংশ আমদানিতে টানা ১৮০ দিন সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণ মওকুফের ঘোষণা, আমিনবাজারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি, উর্বর মাটির সুরক্ষা নিশ্চিতে কৃষি জমির বদলে নদী ড্রেজিংয়ের পলি মাটি দিয়ে পরিবেশবান্ধব আধুনিক ইট তৈরির প্রকল্পে বিশেষ প্রাধান্য, নদী ভাঙন রোধ ও বাঁধ সুরক্ষায় প্রাকৃতিকভাবে দীর্ঘস্থায়ী বিন্যা ঘাস ব্যবহারের জাতীয় নির্দেশিকা ও কারিগরি কমিটি গঠন, সাভার চামড়া শিল্প শিল্পনগরীর পরিবেশ দূষণমুক্ত রাখতে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিক সংস্কারের উদ্যোগ, অলাভজনক রাষ্ট্রায়াত্ত শিল্প ও অব্যবহৃত জমি সম্পদকে বেসরকারি অংশীদারিত্বে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কীভাবে লাভজনক প্রক্রিয়ায় নিতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত চিনি কলগুলোকে নতুন করে সচল ও আধুনিকায়নে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা করতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার চেয়ে ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত রেখে মোট ৫১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সরবরাহ ও কেন্দ্রীয় কন্ট্রোলরুম চালুর উদ্যোগ, অচল প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান সৃষ্টি করতে বিনিয়োগকারীদের জন্য ৭ পার্সেন্ট সুবিধার প্রস্তাব, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, একইভাবে বিভিন্ন কারণে যেসব কলকারখানা এতদিন সচল ছিল না সেগুলোকে পর্যায়ক্রমে চালু করার জন্য বহুমুখী কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অবকাঠামোর বিষয়ে মাহ্দী আমিন বলেন, ‘আধুনিক স্বাস্থ্য অবকাঠামো এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখেছি— রাজধানী ঢাকাসহ দেশের বাকি আটটি বিভাগীয় শহরে ১৫ তলা বিশিষ্ট সর্বাধুনিক বিশেষায়িত পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, বিশ্বমানের সেবা নিশ্চিতে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল আধুনিক আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থাপনা মডেলে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলের কিডনি রোগীদের জীবন বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সুলভে আধুনিক ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত এবং বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যাকে ১৮‘শতে উন্নীতকরণের বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে।’
রোগীদের উন্নত চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ চত্বরে আন্তর্জাতিক মানের বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেন্টারের নির্মাণের ভিত্তি স্থাপন, দেশজুড়ে স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য একক ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকে জরুরি ঔষধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ পুনর্বহাল, সংক্রামক ব্যাধি নির্মূলে বিগত পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সারাদেশে মোট ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে সফলভাবে হাম ও রুবেলের টিকা প্রদান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরির কারখানা স্থাপনের জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় তীব্র সংকট নিরসনে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ প্রকল্প গ্রহণ, ডেঙ্গু মহামারির প্রকোপ রুখতে হাসপাতালে বিশেষ ওয়ার্ডে প্রস্তুতির পাশাপাশি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমন্বিত তিন মাসের দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, জনস্বাস্থ্য রক্ষা ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে সর্বনিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালার ফলে বিগত ছয় মাসে সরকারের গুদামে অতিরিক্ত খাদ্যশস্য মজুত বৃদ্ধির কথা বলেন মাহ্দী আমিন।
যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে মাহ্দী আমিন বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাপনা এবং স্মার্ট ট্রাফিকের ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি। ঢাকা-চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রনিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা স্থাপন করা হয়েছে।’
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত পূর্ণাঙ্গ চার লেনের নিরবচ্ছিন্ন এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন বর্ধিত, মহাসড়কে কোনো ঝামেলা ছাড়া নিরবচ্ছিন্ন যাতায়াত যেন কিছুটা হলেও নিশ্চিত করা যায়, সেজন্য আগামী চার মাসের মধ্যে সম্পূর্ণ ক্যাশলেস স্বয়ংক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ টোল ব্যবস্থা চালুর নির্দেশনা, ঢাকা শহরের তীব্র জানজট নিরসনে কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলীতে এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল আধুনিক কেরানীগঞ্জে স্থানান্তরের কার্যক্রম চলমান, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত অটোরিকশায় ডিজিটাল নিবন্ধন, বারকোড কিউআর ট্রাকিং এবং গতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের দীর্ঘস্থায়ী ট্রাফিক জট নিরসনে বুয়েটের শীর্ষ বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ আহ্বান, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে ১৫ দিন পর পর সমন্বয় সভার সিদ্ধান্ত, মহাসড়কে যেকোনো দুর্ঘটনায় গোল্ডেন আওয়ারের মধ্যে জরুরি চিকিৎসা বা সেবা দিতে প্রতি ১০ কিলোমিটার পর পর সার্বক্ষণিক আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত, দূষণমুক্ত সবুজ নগরী গড়তে বৈদ্যুতিক গাড়ির জন্য দ্রুতগতির সুপারচার্জিং স্টেশন এবং ব্যবহৃত ব্যাটারি রিসাইকেল প্যান নির্মাণের উদ্যোগ, বায়ুদূষণ রোধে ফিটনেসবিহীন ও বিষাক্ত কালোধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের নিয়মিত বিশেষ অভিযান, দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লা পরিষ্কারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে পড়ে থাকা শত শত টন নোংরা বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ অভিযান পরিচালনা, রাজধানী ঢাকার চারপাশে নদী-খালের অবৈধ দখল উচ্ছেদ ও নাব্যতা ফিরিয়ে বৃত্তাকার নৌপথের মাস্টারপ্ল্যান কার্যকর করতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
ফ্যাসিবাদী সংগঠনের নেতাদের বিচার প্রসঙ্গে :
মাহ্দী আমিন বলেন, ‘আমরা গত সাত মাসে প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও অসাধারণ অগ্রগতি দেখেছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের প্রতি সুবিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় ফ্যাসিবাদী সংগঠনের গণহত্যাকারীদের সাতজনের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ড ঘোষণা করে গতকাল রায় প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এ বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার আদেশ দিয়েছে আদালত।’
তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদ পরিবারের যোগ্য সদস্যের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির স্থায়ী নিয়োগপত্র প্রদান করা হয়েছে।’
প্রাণবন্ত, কার্যকর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর জাতীয় সংসদ অধিবেশন পরিচালনা, প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিটি সিদ্ধান্তের ওপর সংসদীয় নজরদারি নিশ্চিত করতে দ্রুততম সময়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন ও নিয়মিত বৈঠককে বাধ্যতামূলক করার উদ্যোগ, সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত, সাধারণ নাগরিকের সকল সেবা, ভোটিং ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এক ছাতার নিচে আনতে ওয়ান সিটিজেন ওয়ান আইটি প্রকল্প গ্রহণের কার্যক্রম শুরু, পুলিশকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রথম ধাপে ৬৪ জেলা সদরের থানাকে শতভাগ জিরো কমপ্লেন্ট আধুনিক সেবা রূপান্তরের বৃহত্তর উদ্যোগ, মাদকের ভয়াল আগ্রাসন ঠেকাতে বিচারাধীন মামলাগুলো রেকর্ড সময়ে নিষ্পত্তিতে দেশজুড়ে ২২ টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্ত, স্মার্ট লজিস্টিক্সে মাত্র দুই মাসে রেকর্ড ৪০০ টন পণ্য পরিবহন করেছে ডাক বিভাগের স্পিড পোস্ট এবং দেশজুড়ে ৯ হাজার ডাকঘরের আধুনিকায়ন, আন্তর্জাতিক ব্যান্ডউইথ সুরক্ষা ও বিচ্ছিন্ন ইন্টারনেটে ২০২৭ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে নতুন ৩৪ হাজার বিপিএস ব্যান্ডউইথ যুক্ত করার রূপরেখা, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া পর্বৎসম বোঝা কাঁধে নিয়েও গত পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাদে রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ ডলার বা ২৫ হাজার ১৬৩ কোটি টাকা সফলভাবে পরিশোধ করেছে সরকার, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও তীব্র বিশ্ববাজারের চাপের মধ্যেও সরকারের সফল মুদ্রনীতিতে ছয় মাসে দেশে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি, মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের উদ্যোগ, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ শেষ করে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধ উপায়ে ইতালিতে অভিবাসন সম্ভাবনা সৃষ্টি, ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিষেধাজ্ঞা কাটিয়ে কৃষি ও আধুনিক মৎস আহরণ খাতে নতুন করে আরো ১০ হাজার কর্মী পাঠানোর দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে অগ্রগতি।
পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত রপ্তানির বাজার ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি, ইইউ’র চিহ্নিত ৬১টি বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সফল ও কার্যকর সমাধান, বিদেশি পুঁজি আকৃষ্ট ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ-হংকং দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি অনুমোদন, ইউকো-ইউকে এক্সপোর্ট ফাইনান্সের আওতায় বাংলাদেশের জরুরি অবকাঠামো উন্নয়ন ও পণ্যক্রয়ে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহজ অর্থ বা ঋণ নিশ্চিতকরণ, আঞ্চলিক ভ্রাতৃত্ব ও জনকূটনীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্ধুপ্রতিম দেশ নেপালের জনগণের জন্য ১ মিলিয়ন ডলারের জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রদান, আকাশসীমা, সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা আধুনিকায়নে চীন থেকে ২০টি সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের জে-১০ সি সুপারসনিক যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া শুরু, সীমান্ত সুরক্ষায় বিজিবি-কে নিজস্ব নজরদারি ড্রোনে সুসজ্জিতকরণ এবং সিলেটে বিশেষায়িত ড্রোন ওয়ারফেয়ার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা, ব্যবসায়ী ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগের সুবিধার্থে ঢাকা-সিউল সরাসরি নিয়মিত ফ্লাইট চালুর আনুষ্ঠানিক আলোচনা, নাগরিকদের বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক চলাফেরার সুবিধার্থে বার্ষিক বৈধ ট্রাভেল কোটার পরিমাণ বৃদ্ধি করে মাথাপিছু ১৮ হাজার মার্কিন ডলারে উন্নীতকরণ, তরুণদের কর্মসংস্থানের বিশেষ ঋণ তহবিল প্রভৃতি বিষয়ে সরকারের পদক্ষেপের কথা বলেন মাহ্দী আমিন।
এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এ এস এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ, মিডিয়া সমন্বয়ক তারিকুল ইসলাম, চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি
জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত