অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


করোনার ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ ফেরি-ট্রলারে ছুটে আসছে ভোলায়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২০ রাত ১১:৩০

remove_red_eye

১১৪১

আক্তারুল ইসলাম আকাশ:: করোনা ভাইরাসের চরম ঝুঁকি নিয়ে ফেরি, নৌকা ও ট্রলারে করে হাজার হাজার মানুষ দলে দলে ভোলায় প্রবেশ করছে। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরের মৌজু চৌধুরীর ঘাট থেকে বিআইডব্লিউটিসির একটি ফেরিতে ভোলার ইলিশা ঘাটে এসেছে প্রায় ৭ হাজার যাত্রী। এছাড়া দিনভর নৌকা, ট্রলার ও স্পীডবোটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোলায় যাত্রী আসলেও এদের নিয়ন্ত্রণে ঘাটগুলোতে কোন উদ্দ্যোগ দেখা যায়নি।


স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টায় ভোলা- ইলিশা ফেরিঘাটের রাস্তায় হাজার হাজার মানুষকে দলবেঁধে ছুটতে দেখা গেছে। এদের নেই ভাইরাস প্রতিরোধের কোন ব্যবস্থা। এমনকি অধিকাংশকেই দেখা গেছে মাস্ক বিহীন। হাতে গ্লোভস নেই। সামাজিক দুরত্ব বজায় রেখে একা চলার পরিবর্তে এরা উৎসব আমেজে গন্তব্যে ছুটছেন। সরকারি ছুটির ঘোষণায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নানা ভোগান্তির কারণে তারা স্বজনের কাছে ফিরছেন বলে জানান।
 
এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অটোরিক্সা, ট্রাক ও ট্রলিতে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়িতে যাচ্ছে ঘরে ফেরা এসব মানুষ। এতে করে যে কোন সময় ঘটনা পারে দুর্ঘটনা। সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়ি ফিরছে বলে জানান যাত্রীরা।

অপরদিকে ভোলা শহরে ঔষধ, মুদি ও কাাঁচা বাজার ছাড়া সব দোকান বন্ধ থাকলেও মানুষের রাস্তাঘাটে চলাফেরা ছিলো চোখে পড়ার মতো। রিক্সা ও অটোতে মানুষের চলাফেরা ছিলো স্বাভাবিক।