অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৬ রাত ১২:৪০

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ভোলা সদর উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাশ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। ভোলা সদর উপজেলা প্রশাসন এই কার্যক্রমের আয়োজন করেন। 
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান রহমান মিমসহ বিভিন্ন ইউনিয়নের সচিবরা।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ডেঙ্গুর বিস্তার রোধে আজ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি সপ্তাহে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। তাই এ মশার প্রজননস্থল ধ্বংসে শুধু মৌসুমি নয়, বছরজুড়েই সবাইকে সচেতন থাকতে হবে এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।