অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ | ২৪শে ভাদ্র ১৪৩৩


লালমোহনে গর্ভবতী নারীদের এমএমএস কার্যক্রম নিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৯

remove_red_eye

৫৯

বাংলার কণ্ঠ ডেস্ক : গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (এমএমএস) কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এ প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হবে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো)রা অংশ নিয়েছেন।প্রশিক্ষণের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
প্রশিক্ষণে গর্ভবতী নারীদের পুষ্টির প্রয়োজনীয়তা, এমএমএস কার্যক্রমের সঠিক বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।আয়োজকেরা জানান, গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা মা ও অনাগত শিশুর সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এ কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী নারীদের প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহের পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করা হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে গর্ভবতী নারীদের কাছে এমএমএস কার্যক্রমের সেবা ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।