বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৩
১০৭
শিক্ষাবঞ্চিত চরে প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন
আমির হোসাইন : একসময় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের দুর্গম দক্ষিণ চটকিমারা গ্রাম ছিল শিক্ষাবঞ্চিত একটি চর। এলাকায় ছিল না কোনো বিদ্যালয়। ছোট ছোট শিশুদের পড়তে যেতে হতো দূরের গ্রামে বা মূল ভূখণ্ডে। সেই কষ্টে অনেকেই লেখাপড়া করতে পারেননি।
এবার সেই চিত্র বদলাতে শুরু করেছে। অস্ট্রিয়ার বেসরকারি প্রতিষ্ঠান সোনে ইন্টারন্যাশনালের উদ্যোগে দক্ষিণ চটকিমারা গ্রামে প্রতিষ্ঠা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। গত ফেব্রুয়ারি মাসে ৫৮ জন শিক্ষার্থী নিয়ে তিনটি শ্রেণিতে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। শনিবার দুপুরে বিদ্যালয়ের নতুন টিনের ঘরের উদ্বোধন ও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বিদ্যালয় শুধু শিশুদের পড়ার সুযোগই তৈরি করে না। এটি একটি এলাকার ভবিষ্যৎ গড়ার ভিত্তিও তৈরি করে।
নতুন বিদ্যালয়টি এখন চরবাসীর চোখে নতুন স্বপ্ন। অভিভাবক তাছনুর বেগম ও তাঁর স্বামী মাইনউদ্দিন তাঁদের এক ছেলে ও এক মেয়েকে এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তাঁদের বড় মেয়ে তেতুঁলিয়া নদী পার হয়ে ব্যাংকেরহাট উচ্চবিদ্যালয়ে পড়ে। আগে ছোট সন্তানদেরও প্রাথমিক শিক্ষা নিতে উত্তরের চরে যেতে হতো। এখন বাড়ির কাছেই বিদ্যালয় হওয়ায় অনেক সুবিধা হয়েছে।
তাছনুর বেগম বলেন, ছোটবেলায় এলাকায় কোনো বিদ্যালয় না থাকায় তিনি নিজে লেখাপড়া করতে পারেননি। তাই নিজের সন্তানদের পড়ার সুযোগ করে দিতে পেরে তিনি খুব আনন্দিত। তাঁর আশা, এই বিদ্যালয় এলাকার সব শিশুর শিক্ষার পথ সহজ করবে।
অভিভাবক মো. হেলালউদ্দিন বলেন, ছোটবেলায় বিদ্যালয়ের অভাবে তিনিও লেখাপড়া করতে পারেননি। প্রায় নয় বছর আগে বিয়ে করেছেন। তাঁর দুই ছেলে। বড় ছেলে মাদ্রাসায় পড়ে। নতুন বিদ্যালয় হওয়ায় ছোট ছেলে মোহাম্মদ হোসাইনকে এখানে ভর্তি করিয়েছেন। তিনি বলেন, এখন তাঁদের সন্তানরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এতে তাঁরা খুব খুশি।

আরেক অভিভাবক মো. আব্দুস সাত্তার বলেন, মেঘনা নদীর ভাঙনে প্রায় ৩০ বছর আগে শিবপুরের কালিকীর্তির বাড়ি ছেড়ে দক্ষিণ চটকিমারায় বসতি গড়েন। দীর্ঘদিন এলাকায় কোনো বিদ্যালয়, মাদ্রাসা বা ভালো রাস্তা ছিল না। তাই বড় ছেলে সাগরকে লেখাপড়া করাতে পারেননি। বড় মেয়েও পঞ্চম শ্রেণির পর দূরের বিদ্যালয়ে যেতে পারেনি। এখন ছোট ছেলে সাইফুল প্রথম শ্রেণিতে এবং মেয়ে হাবিবা শিশু শ্রেণিতে নতুন বিদ্যালয়ে পড়ছে। তিনি বলেন, বিদ্যালয় হওয়ায় সন্তানদের পড়ানো সহজ হয়েছে। এখন তাঁদের স্বপ্ন, সন্তানদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয়ের নতুন টিনের ঘরের উদ্বোধন করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আলফ্রেড মালে।
সোনে ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আলফ্রেড মালে সকলের প্রতি ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টির আহবান রেখে বলেন, আজকের এই দিনে আমাদের সাথে উৎসব উদযাপনের জন্য পুরো গ্রামের মানুষ, শিশু এবং মায়েরা এখানে উপস্থিত রয়েছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত!
উদ্বোধক ওসি বলেন, দীর্ঘদিন ধরে এই চরাঞ্চলে শিক্ষার সংকট ছিল। নতুন এই বিদ্যালয় সেই সংকট দূর করার বড় পদক্ষেপ।
ওসি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। প্রথম শিক্ষক তার মা। তাই সন্তানকে শুধু বিদ্যালয়ে পাঠালেই হবে না। তাকে আদর, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধও শেখাতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের চলাফেরার প্রতি নজর রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিশুদের মোবাইল ফোনের অপব্যবহার, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে পরিবারকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগও নিশ্চিত করতে হবে।
বাল্যবিবাহের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া উচিত নয়।
সোনে ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন বলেন, বিদ্যালয়ের জমিদাতা পরিবার, স্থানীয় সহযোগী এবং সনার ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আলফ্রেড মালের প্রতি কৃতজ্ঞতা। বিদ্যালয়ের উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, শিশুদের বিকাশের জন্য তাদের ভালোবাসা, খাবার, স্বাস্থ্য এবং শিক্ষা প্রয়োজন। আমাদের সংস্থার শুরু থেকেই মূল নীতি ছিল, কোনো গ্রামে বা তার আশপাশে যদি কোনো স্কুল না থাকে, তবে আমরা সেই গ্রামে স্কুল পৌঁছে দেব। এটি একটি সহজ নীতি, তবে বাস্তবায়ন করা কঠিন। কারণ সাধারণত এর জন্য অর্থের দরকার।
বিদ্যালয়ের জমিদাতা পরিবারের প্রতিনিধি ও পরিচালনা কমিটির সভাপতি মাইনুল ইসলাম জুয়েল বলেন, প্রায় দুই দশক ধরে এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার চেষ্টা চলছিল। সাইক্লোন সেন্টারের উদ্যোগ সফল না হওয়ায় পরে বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, বাবা-মায়ের স্মৃতি ধরে রাখতেই তাঁদের জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে বিদ্যালয়ের প্রয়োজনে আরও জমি লাগলে সেটিও দিতে প্রস্তুত আছেন।
মাইনুল ইসলাম জুয়েল বলেন, একসময় দক্ষিণ চটকিমারা শিক্ষায় পিছিয়ে ছিল। এখন এই বিদ্যালয় নতুন প্রজন্মের জন্য শিক্ষার দ্বার খুলে দিয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং স্থানীয়দের বিদ্যালয় পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্কুল কমিটির সদস্য মো. আব্বাস, মো. আমির হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধি খলিলুর রহমান ওরফে নলি মেম্বার।
বক্তারা আশা প্রকাশ করেন, এই বিদ্যালয় শুধু শিশুদের লেখাপড়ার সুযোগই বাড়াবে না। চরাঞ্চলে শিক্ষার প্রসার, সামাজিক পরিবর্তন এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত