অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান চালাতে হিমশিম খাচ্ছে মৎস্য বিভাগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮

remove_red_eye

৮২

প্রকল্পের মেয়াদ শেষ‌ হওয়ায় অর্থ-লোকবল সংকটে, কমেছে টহল নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ বিক্রির অভিযোগ
 
 
মলয় দে : ইলিশ রক্ষায় বিশেষ প্রকল্পের অর্থায়ন বন্ধ হওয়ার পর ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালাতে হিমশিম খাচ্ছে মৎস্য বিভাগ। এখন রাজস্ব খাতের সীমিত বরাদ্দে সাত উপজেলায় চলছে মা ইলিশ রক্ষার ২২ দিনের অভিযান। এতে কমেছে অভিযানের সংখ্যা, স্পিডবোটের পরিবর্তে ট্রলারে চলছে টহল। এর মধ্যেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থানে গোপনে ইলিশ বিক্রির অভিযোগ উঠেছে। এতে মা ইলিশের প্রজনন সুরক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়ে।
 
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত জুনে। প্রায় ২৪৬ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের আওতায় দেশের ছয় বিভাগের ২৯ জেলার ১৩৪ উপজেলায় ইলিশ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্প চলাকালে রাজস্ব বরাদ্দের বাইরে উপজেলা পর্যায়ে এলাকার গুরুত্ব বিবেচনায় ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো। পাশাপাশি স্পিডবোট, জ্বালানি তেল, লোকবল ও আইন বাস্তবায়নের জন্যও অর্থ দেওয়া হতো। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এখন রাজস্ব খাতের বরাদ্দের ওপর নির্ভর করেই অভিযান চালাতে হচ্ছে।
 
চলতি বছর ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় ভোলার সাত উপজেলায় রাজস্ব খাত থেকে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কর কর্তনের পর অবশিষ্ট থাকে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা জানান, কোনো উপজেলায় সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার এবং সর্বনিম্ন ১ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ একটি অভিযান পরিচালনায় কমপক্ষে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়।
 
উপজেলা মৎস্য কর্মকর্তারা জানান, আগে প্রতিটি উপজেলায় দিনে-রাতে চার থেকে পাঁচটি অভিযান পরিচালনা করা হতো। এবার বরাদ্দের তুলনায় ব্যয় বেশি হওয়ায় আগের মতো অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। খরচ কমাতে ব্যবহার করা যাচ্ছে না স্পিডবোট। ট্রলার নিয়ে অভিযান পরিচালনা করতে হচ্ছে। এতে অবৈধভাবে মাছ ধরা জেলেদের ধাওয়া করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। প্রকল্পের অর্থায়ন বন্ধ হওয়ায় লোকবল সংকটও বেড়েছে। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
 
এদিকে, জেলার বিভিন্ন স্থানে নদীতে মাছ ধরার পর লুকিয়ে ভোলার ইলিশা জোড়া খাল, নাসির মাঝি সহ বিভিন্ন এলাকায় ইলিশ বিক্রি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। নিষেধাজ্ঞার মধ্যেও মাছ বিক্রির এমন চিত্রে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। স্থানীয়দের আশঙ্কা, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন নিয়েও শঙ্কা তৈরি হবে।
 
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, “ইলিশ উন্নয়ন প্রকল্প যখন ছিল, ওই প্রকল্পের টাকায় বেশ ভালোভাবে অভিযান পরিচালনা করা যেত। এবার প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অর্থ ও লোকবল সংকটে অভিযান পরিচালনা করতে রীতিমতো হিমশিম খাচ্ছি। মারাত্মক সমস্যায় আছি। ইজ্জত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।” তবে তাঁদের চেষ্টার কোনো ত্রুটি নেই বলেও জানান তিনি।
 
প্রকল্পের সাবেক পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেছেন, “আমি তো এখন আর এর খোঁজখবর নিচ্ছি না। আমার সময় আমি সাপোর্ট দিয়েছি। স্পিডবোট, টাকা, তেল, আইন বাস্তবায়নের জন্যও টাকা দিয়েছি। এখন রাজস্ব থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে শুধু রাজস্বের অর্থে অভিযান পরিচালনা করা খুবই কঠিন।”
 
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় মা ইলিশ সংরক্ষণ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় অর্থ, লোকবল ও দ্রুতগতির নৌযান নিশ্চিত করা না গেলে অভিযান পরিচালনায় সীমাবদ্ধতা তৈরি হতে পারে। তাই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও সংরক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পর্যাপ্ত বরাদ্দ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা জরুরি।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...