অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৬

remove_red_eye

৬৯

মাসব্যাপী প্রশিক্ষণ পাবেন ৪০ শিক্ষার্থী 

বাংলার কন্ঠ প্রতিবেদক : শিশু-কিশোরদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে ভোলায় শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৬-২৭ অর্থবছর) এর আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশ নেবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা সদর উপজেলার সুইমিং পুল কমপ্লেক্সে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন ভোলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মুনতাসির আলম চৌধুরী রবিন, জেলা মার্শাল আর্ট কোচ ও প্রশিক্ষক মোঃ আব্দুর রহমান হেলাল, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাঁতার প্রশিক্ষক আব্দুল মোমেন এবং স্কাউট প্রশিক্ষক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৪০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের সাঁতারের মৌলিক কৌশল, দক্ষতা ও পানিতে নিরাপদ থাকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে দক্ষ সাঁতারু তৈরির সম্ভাবনা তৈরি হবে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সুশৃঙ্খল জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে শিশু-কিশোরদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা বিকাশে সহায়তা করে।

তারা আরও বলেন, সাঁতার শুধু একটি ক্রীড়া নয়, এটি জীবন রক্ষারও গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে নদীবেষ্টিত ভোলা জেলায় শিশু-কিশোরদের সাঁতার শেখার সুযোগ তৈরি করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি পানিতে দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায়ও সচেতনতা বাড়বে।

ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মুনতাসির আলম চৌধুরী রবিন জানান, জেলার শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে তাদের বিকাশের সুযোগ তৈরি হবে।

এদিকে, সাঁতার প্রশিক্ষণ শেষ হওয়ার পর জেলা মার্শাল আর্ট কোচ ও প্রশিক্ষক মোঃ আব্দুর রহমান হেলাল এবং সহকারী প্রশিক্ষক মোঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে বিনা মূল্যে মার্শাল আর্ট প্রশিক্ষণ ক্যাম্প চালুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা সাঁতারের পাশাপাশি আত্মরক্ষামূলক ক্রীড়াচর্চারও সুযোগ পাবে।


সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভোলা জেলা ক্রীড়া অফিসের এ উদ্যোগ শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে। ধারাবাহিক প্রশিক্ষণ ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ভোলার শিক্ষার্থীরা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনেও সাফল্য অর্জন করতে পারবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...