অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজে শঙ্কার পারাপার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ বিকাল ০৪:০৫

remove_red_eye

৬৭০


লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনের পৌর শহরের চৌরাস্তার মোড় থেকে দেবিরচর বাজার সড়কের লালমোহন খালের ওপরের ডাক বাংলো সংলগ্ন প্রায় ৩০ মিটার দৈর্ঘের ব্রিজটি দীর্ঘ ৩ বছর ধরে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এতে করে প্রতিদিন  শঙ্কা নিয়ে শত শত ছোট, মাঝারি ও বড় ধরনের যানবাহন চলছে ব্রিজটির ওপর দিয়ে। ব্রিজটির অধিকাংশ স্থানে রেলিং ভেঙে রয়েছে। মাঝখানে সৃষ্টি হয়েছে গর্তের। বড় কোনো যানবাহন ওঠলে কাঁপতে থাকে ব্রিজটি। দুর্ঘটনা এড়াতে ভেঙে যাওয়া রেলিংয়ের স্থানে বাঁশ আর গাছ দেয়া হয়েছে।  পৌরসভার গুরুত্বপূর্ণস্থানে ব্রিজটির অবস্থান হলেও সড়ক এবং জনপদ বিভাগের আওতায় হওয়ায় পৌর কর্তৃপক্ষও ব্রিজটি নতুন করে নির্মাণ করতে পারছে না।
কয়েকজন যানবাহন চালক ও পথচারীরা জানান, ব্রিজটি বেশ কয়েক বছর ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এ ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে ভয় হয়। যেকোনো মুহুর্তে ব্রিজটি ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে শিগগিরই ব্রিজটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
এব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে প্রায় ৩ বছর ধরে। এটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় হওয়ায় আমরা তা নতুন করে নির্মাণ করতে পারছি না। তবে সড়ক ও জনপদ বিভাগের জেলার নির্বাহী প্রকৌশলীর সাথে ব্রিজটি নতুন করে নির্মাণ করে দেয়ার অনুরোধ করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন এবছরের মধ্যেই ব্রিজটি নতুন করে নির্মাণের কাজ শুরু করবেন।