অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক ১৪৩৩


ডি থ্রি ট্রফিতে ৩৪ লাখে দল পেলেন ভোলার ইফতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ রাত ১১:১৮

remove_red_eye

৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ডি থ্রি ট্রফিতে দল পেয়েছেন ভোলার তরুণ ক্রিকেটার ইফতেখার হোসেন। নিলামে তাঁকে ৩৪ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ব্লুস্টার। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে ইফতেখার হোসেন ইফতিকে দলে নেয় ব্লুস্টার। দেশের ঘরোয়া ক্রিকেটের এই প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় ভোলার ক্রিকেটাঙ্গনে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।
ডি থ্রি ট্রফি বিসিবির নতুন ঘরোয়া ক্রিকেট আয়োজন। এতে টি-টোয়েন্টি, ৫০ ওভারের এবং চার দিনের ক্রিকেট-এই তিন সংস্করণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে সাজানো হয়েছে এবারের আসর। ভোলার একজন ক্রিকেটার হিসেবে এমন প্রতিযোগিতায় দল পাওয়া ইফতির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই আসরে নিজের পারফরম্যান্সের মাধ্যমে তিনি আরও বড় পরিসরে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
এদিকে ইফতেখার হোসেন ইফতির ডি থ্রি ট্রফিতে দল পাওয়ার খবরে ভোলার ক্রিকেটাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। নিলামে ৩৪ লাখ পয়েন্টে ব্লুস্টার তাকে দলে নেওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমী, সতীর্থ ও শুভাকাঙ্খীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোলার এই প্রতিভাবান ক্রিকেটারের নতুন যাত্রা জেলার তরুণ খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, নিলামে ইফতির মূল্য ৩৪ লাখ পয়েন্ট। এটি ৩৪ লাখ টাকা পারিশ্রমিক নয়।