অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক ১৪৩৩


ভোলায় উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ রাত ১১:১৯

remove_red_eye

৪৪

বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী পাঁচ বছরের জন্য ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা জেলা সেক্রেটারি ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও চন্দ্রপ্রসাদ আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও লালমোহনের রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা শাখার বিদায়ী কমিটির সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বিগত কমিটির দায়িত্বশীলদের ত্যাগ, দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। সংগঠনের যেসব দায়িত্বশীল ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সংগঠনে তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) দেশের মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জানা প্রয়োজন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তিনি মরহুমের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হলে সব শিক্ষক-কর্মচারীকে জমিয়াতুল মোদাররেছীনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। অতীতের মতো ভবিষ্যতেও জমিয়াতুল মোদাররেছীনের নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আগামী পাঁচ বছর শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, চাকরি জাতীয়করণের দাবি আদায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদরাসা শিক্ষা ও শিক্ষকসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির কমিটির সভাপতি হলেন মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী, সহ-সভাপতিগণ হলেন মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহ, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা মোঃ আবু জাফর আবদুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোঃ আব্দুস সবুর, মাওলানা মোঃ মহিউদ্দীন, মাওলানা মোঃ ইসমাইল, মাওলানা মোঃ জাকির হোসাইন, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মাওলানা মোঃ ফারুক, মাওলানা মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক হলেন মাওলানা মোঃ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদকগণ হলেন মাওলানা মোঃ মোশাররফ হোসেন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার উদ্দিন, মোঃ হাসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা মোঃ বাদশাহ আলম, দপ্তর সম্পাদক হলেন মাওলানা মোঃ জাকির হোসেন, সুপার, প্রচার সম্পাদক হলেন মাওলানা মোঃ মহিববুল্লাহ।
এ ছাড়া কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীল ও নির্বাহী সদস্য হিসেবে ভোলা সদর উপজেলার বিভিন্ন মাদরাসা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি ঘোষণা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ভোলা জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।